মঙ্গলবার , ০৭ এপ্রিল ২০২৬
Tuesday , 07 April 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

প্রকাশিত: ১৯:২৯, ৪ এপ্রিল ২০২৬

মাইকিংকে কেন্দ্র করে ফরিদপুরের চার গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষ

মাইকিংকে কেন্দ্র করে ফরিদপুরের চার গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষ
ছবি সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্র জানায়, দুই দিন আগে মুনসুরাবাদ গ্রামের রাহাত নামের এক কিশোর ফুটবল খেলার প্রচারণার জন্য মাইকিং করছিলেন। এ সময় পাশের খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের কয়েকজন যুবক তাকে মারধর ও লাঞ্ছিত করে। এ ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যায় মুনসুরাবাদ বাজারে প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়।

রাতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও শনিবার সকাল ৭টা থেকে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। মুনসুরাবাদ গ্রামের লোকজন ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়, আর অপরপক্ষ হামিরদী ইউনিয়ন পরিষদের সামনে জড়ো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষই বাড়ির ছাদ ও দোকানের আড়াল থেকে ইট-পাটকেল ও কাঁচের বোতল নিক্ষেপ করতে থাকে, ফলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়