শুক্রবার , ১৫ মে ২০২৬
Friday , 15 May 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

UK

প্রকাশিত: ১৯:৩৭, ১৪ মে ২০২৬

ম্যানচেস্টারে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে ‘বৈশাখী মেলা ২০২৬’

ম্যানচেস্টারে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে ‘বৈশাখী মেলা ২০২৬’

ম্যানচেস্টারে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে আয়োজন করা হচ্ছে “ম্যানচেস্টার বৈশাখী মেলা ২০২৬”। এ উপলক্ষে গতকাল স্থানীয় কমিউনিটি সংগঠন One Chattogram এর উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির ৬ জন তরুণ উদ্যোক্তা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এই আয়োজনের মূল লক্ষ্য হলো প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও বাঙালিয়ানাকে আরও শক্তভাবে তুলে ধরা এবং কমিউনিটির মধ্যে সৌহার্দ্য ও ঐক্য সৃষ্টি করা।

সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে জাহেদ উল করিম শাহ বলেন, “আমরা চাই প্রবাসের মানুষ একদিনের জন্য হলেও যেন বাংলার আবহ অনুভব করতে পারেন। নতুন প্রজন্ম আমাদের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হোক, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। গ্রেটার ম্যানচেস্টারে এই ধরনের বড় আয়োজন এবারই প্রথম, তাই আমরা চাই এটি পুরো কমিউনিটির একটি মিলনমেলায় পরিণত হোক।”

তিনি আরও জানান, এই মেলায় শুধু বাংলাদেশি কমিউনিটিই নয়, বরং অন্যান্য কমিউনিটির মানুষও অংশগ্রহণ করবেন। এর মাধ্যমে ব্রিটিশ বাংলাদেশিদের সংস্কৃতি ও ঐতিহ্যকে বৃহত্তর পরিসরে তুলে ধরার চেষ্টা করা হবে।

অপর আয়োজক মোহাম্মদ ইমরান বলেন, “মেলায় থাকবে বিভিন্ন ধরনের দেশীয় খাবার ও সাংস্কৃতিক স্টল। পান্তা-ইলিশ, বাংলা পিঠা, শাড়ি-চুড়ি, দেশীয় পোশাক, হস্তশিল্প, শিশুদের খেলনা এবং ফ্যামিলি এন্টারটেইনমেন্টসহ নানা আয়োজন থাকবে। এছাড়া শিশুদের জন্য ফানফেয়ার, সাংস্কৃতিক পরিবেশনা, ফ্যাশন শো এবং সন্ধ্যায় বিশেষ সংগীতানুষ্ঠানের ব্যবস্থাও থাকবে।”

আয়োজকরা জানান, মেলায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন কমিউনিটি নেতা, কাউন্সিলর, মেয়র, এমপি এবং বাংলাদেশি হাইকমিশনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এই আয়োজন ভবিষ্যতে ম্যানচেস্টারে বাংলা সংস্কৃতির অন্যতম বড় উৎসবে পরিণত হবে।

সংবাদ সম্মেলনের শেষে আয়োজকরা সকলকে পরিবার-পরিজন নিয়ে বৈশাখী মেলায় অংশগ্রহণের আমন্ত্রণ জানান।
উল্লেখ উক্ত মেলায় মিডিয়া পাটনার হিসেবে ফোকাস টিভি কাজ করছে।

সর্বশেষ

জনপ্রিয়