বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
Thursday , 28 May 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

UK News

প্রকাশিত: ১৭:৫৩, ২৬ মে ২০২৬

ম্যানচেস্টারে জমজমাট বৈশাখ উৎসবের কাউন্টডাউন শুরু

ম্যানচেস্টারে জমজমাট বৈশাখ উৎসবের কাউন্টডাউন শুরু

প্রবাসী বাঙালিদের জন্য সুখবর! উত্তর ইংল্যান্ডের বুকে এবার হাজির হতে চলেছে এক টুকরো সাবেকি ও আধুনিক বাংলা। আগামী ৩১শে মে, ২০২৬ (রবিবার) ম্যানচেস্টারের বিখ্যাত 'উইদ্যানশ’ ফোরাম' (Wythenshawe Forum)-এ অনুষ্ঠিত হতে চলেছে এক বর্ণাঢ্য বৈশাখ উৎসব— "ম্যানচেস্টার বৈশাখ ফেস্টিভ্যাল: বিলেতে বঙ্গের স্বাদ"। 'কারিশ্যো ইভেন্টস' (Karisyo Events)-এর ব্যানারে সম্পূর্ণ অনুষ্ঠানটির পারিকল্পনা ও পরিচালনায় রয়েছেন ভাবনা ঘোষ।
উত্তর ইংল্যান্ডে বসবাসকারী বাঙালিদের শিকড়ের টানে এক সুতোয় বাঁধা এবং প্রবাসের মাটিতে বাংলা সংস্কৃতির জয়গান গাইতেই এই বিশেষ উদ্যোগ।
উৎসবের মূল আকর্ষণ


এবারের উৎসবের মূল আকর্ষণ হিসেবে কলকাতা থেকে সরাসরি উড়ে আসছেন টলিউডের খ্যাতনামা অভিনেতা, পরিচালক ও নাট্যব্যক্তিত্ব কমলেশ্বর মুখোপাধ্যায়। তাঁর উপস্থিতি ও বিশেষ পরিবেশনা অনুষ্ঠানটিতে এক অন্য মাত্রা যোগ করবে।
পাশাপাশি, বাংলা রক সঙ্গীতের উন্মাদনা ছড়িয়ে দিতে মঞ্চ কাঁপাবে কলকাতার জনপ্রিয় এবং বিখ্যাত রক ব্যান্ড 'পৃথিবী'। তাঁদের চেনা সুর আর চড়া বিটের মেলবন্ধনে ম্যানচেস্টারের বুকে তৈরি হবে এক টুকরো নজরুল মঞ্চ কিংবা যুবভারতী সংলগ্ন কনসার্টের আমেজ।
স্থানীয় প্রতিভার মেলবন্ধন ও বিশেষ ফ্যাশন শো


কেবলমাত্র তারকাদের সমাবেশই নয়, এই উৎসবের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো স্থানীয় প্রতিভাদের একটি বড় মঞ্চ দেওয়া। দিনভর চলতে থাকা এই অনুষ্ঠানে ম্যানচেস্টার ও তার আশেপাশের অঞ্চলের প্রবাসী বাঙালি শিল্পীরা অংশ নেবেন। অনুষ্ঠানসূচীতে থাকছে সঙ্গীত, নৃত্য, মননশীল কবিতা আবৃত্তি ও নাটক।
তবে এবারের অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ হতে চলেছে একটি আকর্ষণীয় ফ্যাশন শো। স্থানীয় প্রতিভাদের র‍্যাম্পে হাঁটিয়ে এই ফ্যাশন শো-এর মাধ্যমে তুলে ধরা হবে বাঙালির ঐতিহ্যবাহী ক্ল্যাসিক ফ্যাশনের বিবর্তন বা 'ইভোলিউশন'। সেকালের সাবেকি ঢাকাই, জামদানি, গরদ থেকে শুরু করে একালের আধুনিক ফিউশন— বাঙালির ফ্যাশন স্টেটমেন্টের একাল-সেকাল ফুটিয়ে তুলবেন প্রবাসী মডেলরা।


উদ্যোক্তাদের বক্তব্য
আয়োজক ভাবনা ঘোষ জানান, "বিলেতের কর্মব্যস্ত জীবনের মাঝেও আমরা যাতে আমাদের সংস্কৃতি, আমাদের নববর্ষের আনন্দকে ভুলে না যাই, সেই লক্ষ্যেই এই আয়োজন। 'বিলেতে বঙ্গের স্বাদ' শুধু একটি উৎসব নয়, এটি উত্তর ইংল্যান্ডের বুকে সমস্ত বাঙালিদের এক মহা মিলনমেলা।"
৩১শে মে-র এই রবিবাসরীয় উৎসবকে ঘিরে ইতিমধ্যেই ম্যানচেস্টার এবং সংলগ্ন অঞ্চলের প্রবাসী বাঙালিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। টিকিটের চাহিদাও তুঙ্গে। সব মিলিয়ে, আগামী ৩১শে মে উইদ্যানশ’ ফোরাম যে একটি মিনি-কলকাতায় রূপ নিতে চলেছে, তা বলাই বাহুল্য।

সর্বশেষ

জনপ্রিয়