যুক্তরাজ্যে ILR নীতির পরিবর্তনের বিরুদ্ধে স্কিলড ওয়ার্কারদের প্রতিবাদ, আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ESM Forum
আলতাব আলী পার্কে সমাবেশ থেকে পাঁচ দফা কর্মসূচি ঘোষণা, এমপিদের সমর্থন আদায় ও সম্ভাব্য আইনি চ্যালেঞ্জের উদ্যোগ
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতি (Indefinite Leave to Remain বা ILR) পাওয়ার নিয়মে প্রস্তাবিত পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ ও আন্দোলন জোরদার করছেন দেশটিতে বসবাসরত স্কিলড ওয়ার্কাররা। নতুন Earned Settlement নীতির সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে কঠোর পদক্ষেপ ও আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে Existing Skilled Migrant Forum (ESM Forum)।
রোববার (৮ নভেম্বর) লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে ESM Forum-এর উদ্যোগে আয়োজিত কমিউনিটি সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচিতে অভিবাসীরা অংশ নেন। সমাবেশে যুক্তরাজ্যে বসবাসরত দক্ষ অভিবাসীদের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ, স্থায়ী বসবাসের প্রত্যাশা এবং সরকারের নীতিগত পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকদের মতে, স্কিলড ওয়ার্কারদের যুক্তরাজ্যে আসার ক্ষেত্রে পূর্ববর্তী নীতিমালা ও পাঁচ বছর পর স্থায়ী বসবাসের প্রত্যাশা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এখন সেই নীতিতে পরিবর্তনের উদ্যোগ ইতোমধ্যে যুক্তরাজ্যে বসবাসরত অভিবাসীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি করেছে। তাদের দাবি, বিদ্যমান অভিবাসীদের ক্ষেত্রে পূর্ববর্তী নীতির ধারাবাহিকতা ও ন্যায্যতা নিশ্চিত করতে হবে।
সমাবেশ-পরবর্তী ঘোষণায় ESM Forum আগামী দিনের আন্দোলন ও আইনি উদ্যোগের জন্য পাঁচ দফা কর্মসূচি তুলে ধরেছে।
ঘোষিত পাঁচ দফা কর্মসূচি:
১. স্থানীয় সংসদ সদস্যদের (MPs) সঙ্গে যোগাযোগ করে প্রস্তাবিত ILR পরিবর্তনের বিরুদ্ধে তাঁদের সমর্থন ও রাজনৈতিক সহযোগিতা আদায়।
২. আগামী ১১ নভেম্বর ব্যারিস্টার Zane Malik KC-এর সঙ্গে আইনি ও নীতিগত আলোচনা। প্রস্তাবিত নীতির বিরুদ্ধে সম্ভাব্য আইনি চ্যালেঞ্জের পথ পর্যালোচনা।
৩. বিভিন্ন অভিবাসী সংগঠন, মাইগ্র্যান্ট অ্যালায়েন্স, লবিং গ্রুপ ও মানবাধিকার সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করার উদ্যোগ।
৪. নতুন নীতির কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন এমন অভিবাসীদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও বক্তব্য সংগ্রহ।
৫. যুক্তরাজ্যের অর্থনীতি, শ্রমবাজার ও সমাজে দক্ষ অভিবাসীদের অবদান তুলে ধরে প্রমাণভিত্তিক নীতিপত্র তৈরি।
ESM Forum জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে বিষয়টিকে শুধু একটি অভিবাসন নীতির বিতর্ক হিসেবে নয়, বরং ন্যায়বিচার, নীতিগত ধারাবাহিকতা এবং অভিবাসীদের প্রতি সরকারের দায়বদ্ধতার প্রশ্ন হিসেবে তুলে ধরা হবে।
আয়োজকরা আরও জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অভিবাসীদের অভিজ্ঞতা সংগ্রহের জন্য শিগগিরই একটি সাবমিশন লিংক প্রকাশ করা হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের অভিজ্ঞতা ও উদ্বেগ তুলে ধরতে পারবেন।
আইনি লড়াইয়ের প্রস্তুতি
ESM Forum-এর এই কর্মসূচিতে আইনি উদ্যোগ বিশেষ গুরুত্ব পাচ্ছে। ১১ নভেম্বরের নির্ধারিত আলোচনায় প্রস্তাবিত পরিবর্তনের আইনি ভিত্তি, নীতিগত অসংগতি এবং সম্ভাব্য চ্যালেঞ্জের সুযোগ পর্যালোচনা করা হবে। তবে এখনো কোনো মামলা দায়েরের ঘোষণা দেওয়া হয়নি।
আয়োজকদের প্রত্যাশা, স্কিলড ওয়ার্কার, তাঁদের পরিবার এবং সংশ্লিষ্ট অভিবাসী সংগঠনগুলোর সম্মিলিত অবস্থানের মাধ্যমে সরকারের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছানো সম্ভব হবে।





































