গ্রেটার পাটলি সোসাইটি ইউকে-এর নবগঠিত কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যের ওল্ডহ্যামে গ্রেটার পাটলি সোসাইটি ইউকে-এর নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় দুপুর ২টায় একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, উপদেষ্টা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি আমির উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ আব্দুল কাহার রাসেল এর সঞ্চালনায় অনুষ্টিত অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুফতি মইনুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সোহরাবুর রহমান, আবুল কালাম ও মামুনুর রশীদ চৌধুরী। এ ছাড়া বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি আকরামুর রহমান আকিব, সহসভাপতি ছাদিকুর রহমান, মাওলানা এমদাদুল হক, রিহিবুর রহমান চৌধুরী ও সুবা বিন নাজির। বক্তব্য দেন খলিল আহমেদ, আবু হায়দার জুয়েল, কামরুল ইসলাম লিটন, ফখর উদ্দীন রাসেল, আব্দুল ওয়াদুদ ও আব্দুল মুনাইম উনুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় সংগঠনের অতীত কার্যক্রম, বর্তমান উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পরে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে নবগঠিত কমিটির আনুষ্ঠানিক অভিষেক সম্পন্ন হয়।
বক্তারা বলেন, গ্রেটার পাটলি সোসাইটি দীর্ঘ ৪৮ বছর ধরে পাটলি গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গ্রামের উচ্চবিদ্যালয়, মাদ্রাসা ও মসজিদের উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার এবং দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে সংগঠনটি দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে।
তাঁরা আরও বলেন, প্রবাসে থেকেও নিজ গ্রামের মানুষের কল্যাণে কাজ করা এবং শেকড়ের টানে ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত গৌরবের বিষয়। সংগঠনের দীর্ঘদিনের সুনাম, ঐতিহ্য ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে নবগঠিত কমিটিকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে পাটলি গ্রামের সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে।
পরিশেষে পাটলি গ্রামের উন্নয়ন, সংগঠনের অগ্রগতি এবং সকলের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।





































