বিশ্বনাথে বৃষ্টির আশায় খোলা মাঠে নফল নামাজ ও দোয়া
দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ায় খরা থেকে মুক্তি ও ফসলের সুরক্ষা কামনায় সিলেটের বিশ্বনাথ উপজেলায় খোলা মাঠে নফল নামাজ ও বিশেষ দোয়া করেছেন মুসল্লিরা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার হাসনাজি গ্রামের একটি খোলা মাঠে এ আয়োজন করা হয়। এতে হাসনাজি, উত্তর দৌলতপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের মুসল্লিরা অংশ নেন।
নামাজে ইমামতি ও খুতবা পাঠ করেন বুরাইয়া কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী। নামাজ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সৎপুর কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান। এ সময় অনাবৃষ্টি থেকে মুক্তি, ফসলের সুরক্ষা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
নামাজে অংশ নেওয়া ৫ নম্বর দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মো. আরব খাঁন বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় পানির সংকট দেখা দিয়েছে। এতে চাষাবাদ ব্যাহত হচ্ছে এবং স্থানীয় কৃষকেরা ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন।
তিনি জানান, খরা থেকে মুক্তি ও স্বাভাবিক জনজীবন ফিরে পাওয়ার আশায় আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করতে স্থানীয়রা এ নামাজ ও দোয়ার আয়োজন করেন।





































