বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
Thursday , 15 October 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

আবিদ কাওসার

প্রকাশিত: ২২:২৯, ১৫ অক্টোবর ২০২৬

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

লন্ডন, যুক্তরাজ্য: বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় জাতীয় সম্মেলন ২০২৬। গত ১১ অক্টোবর পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে আয়োজিত এ সম্মেলনে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রায় চার শতাধিক ডেলিগেট, অতিথি, কমিউনিটি নেতৃবৃন্দ, প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষী অংশগ্রহণ করেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য সংগঠনটির নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কমিউনিটি নেতা মোহাম্মদ মকিস মনসুর, সাধারণ সম্পাদক আশরাফ মিয়া এবং কোষাধ্যক্ষ হেলেন ইসলাম।

সংগঠনটির ফাউন্ডার্স কনভেনর মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং মহিলা নেত্রী হেলেন ইসলাম ও কমিউনিটি সংগঠক মোহাম্মদ তাজুল ইসলামের যৌথ পরিচালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রয়ডন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক ড. হাসনাত এম. হোসেন এমবিই, পৃষ্ঠপোষক কে এম আবু তাহের চৌধুরী, চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা মাহী ফেরদৌস জলিল, সাউথ ইস্ট অঞ্চলের চেয়ার হারুনুর রশিদ, কমিউনিটি নেতা নুরুল ইসলাম মাহবুব, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মসুদ আহমদ, জামাল হোসেন, শাহ শাফি ও সৈয়দ সায়েম করিমসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ ছাড়া সংগঠনটির ১০টি রিজিওনাল ও ৮টি শাখা কমিটির নেতৃবৃন্দ সম্মেলনে বক্তব্য দেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মুখলেছুর রহমান চৌধুরী, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক মেয়র জ্যোৎস্না ইসলাম, কমিউনিটি নেতা সিরাজ হক, বিশিষ্ট ব্যবসায়ী শাহনুর আহমদ খান, ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তোফাজ্জল হোসেন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব, কাউন্সিলর এ কে এম হেলাল, কাউন্সিলর গুলজার আহমদ এবং বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক গুলজার আহমদ খানসহ সংগঠনের উপদেষ্টাবৃন্দ।

সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের দাবি উত্থাপন

সম্মেলনে বক্তারা সিলেটের উন্নয়ন এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ন্যায্য দাবি তুলে ধরেন। তাঁদের দাবির মধ্যে ছিল সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজসহ বিদেশি এয়ারলাইনগুলোর ফ্লাইট চালু, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া কমানো, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলির সংকট দূর করা, যাত্রী হয়রানি বন্ধ করা এবং ঢাকা-সিলেট ছয় লেন সড়কের কাজ দ্রুত সম্পন্ন করা।

বক্তারা এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

‘ঐক্যের বন্ধন’ ম্যাগাজিন প্রকাশ

সম্মেলন উপলক্ষে ‘ঐক্যের বন্ধন’ নামে একটি আকর্ষণীয় ম্যাগাজিন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত, সিলেটি সংগীত, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা ছিল অন্যতম আকর্ষণ। পাশাপাশি ছিল নানা ধরনের সুস্বাদু খাবারের আয়োজন।

সম্মেলনটি যুক্তরাজ্যে বসবাসরত সিলেটবাসীর এক মিলনমেলায় পরিণত হয়। প্রবাসের মাটিতে সিলেটের ঐতিহ্য, সংস্কৃতি, আন্তরিকতা ও সৌহার্দ্যের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়।

ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার প্রত্যয়

নতুন কমিটির ওপর আস্থা রেখে আগামী দুই বছরের জন্য দায়িত্ব অর্পণ করায় সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মকিস মনসুর।

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সিলেটের উন্নয়ন এবং কমিউনিটির ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। যুক্তরাজ্যের যে প্রান্তেই আমরা বসবাস করি না কেন, আমাদের শিকড়, ঐতিহ্য ও মূল্যবোধ একই। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে কমিউনিটি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

সম্মেলনে আগত অতিথিরা নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের অভিনন্দন জানান। তাঁরা যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে সম্মেলনে অংশগ্রহণকারী ডেলিগেট, অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বক্তারা বলেন, বৃহত্তর সিলেট কমিউনিটির মানুষকে একই ছাদের নিচে ঐক্যবদ্ধভাবে দেখতে পাওয়া আনন্দ ও গর্বের বিষয়। কমিউনিটির সবার সম্মিলিত প্রচেষ্টায় যুক্তরাজ্যজুড়ে পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সহযোগিতাকে আরও সুদৃঢ় করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

 

সর্বশেষ

জনপ্রিয়