ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি
‘আজই বিলীন হতে পারে এক সভ্যতা’
ইরানকে নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির শর্ত না মানলে দেশটিতে “একটি আস্ত সভ্যতার মৃত্যু” ঘটতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই হুমকি দেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আল্টিমেটামের সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই এমন বক্তব্য দিয়েছেন তিনি।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “আজ রাতেই একটি আস্ত সভ্যতা মারা যাবে; যা আর কখনো ফিরে আসবে না। আমি চাই না এমনটা হোক, তবে সম্ভবত এটি ঘটতে যাচ্ছে।” পোস্টের শেষে তিনি যোগ করেন, “কে জানে কী হয়?”
তবে ইরান তার শর্ত না মানলে যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ নেবে— সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। এর আগে তিনি সতর্ক করে বলেছিলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্রসহ বেসামরিক অবকাঠামোতে হামলা চালাতে পারে, যা দেশটিকে ‘পাথর যুগে’ পাঠিয়ে দিতে পারে।
জানা গেছে, তেহরানকে দাবি মেনে নেওয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। সেই সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে এই চরম হুঁশিয়ারি সামনে এলো।





































