এশিয়ায় জ্বালানি কূটনীতিতে চীনের দাপট: বদলে যাচ্ছে ভূরাজনৈতিক মানচিত্র
এশীয় অঞ্চলে নিজেদের প্রভাব আরও সুসংহত করতে জ্বালানি নিরাপত্তাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে চীন। সাম্প্রতিক সংকটের প্রেক্ষাপটে বেইজিং প্রতিবেশী দেশগুলোকে জ্বালানি সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি তাইওয়ানকে নিরাপত্তার প্রস্তাব দিয়ে 'শান্তিপূর্ণ একীকরণের' প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছে। শুধু তাই নয়, চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে পরিচ্ছন্ন জ্বালানি ও বৈদ্যুতিক যানবাহন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন।
বিশ্লেষকদের মতে, বেইজিংয়ের এই কৌশলগত পদক্ষেপ এশিয়ায় মার্কিন প্রভাবকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনির অধ্যাপক রক শি মনে করেন, চীন যদি একটি সুস্পষ্ট ও কার্যকর পরিকল্পনা তুলে ধরতে পারে, তবে তারা অনায়াসেই এশিয়ার জ্বালানি ব্যবস্থার মূল কেন্দ্রে পরিণত হবে। তার মতে, জ্বালানি বাণিজ্যের এই নতুন সমীকরণ শেষ পর্যন্ত পুরো অঞ্চলের ভূরাজনৈতিক মানচিত্রকেই আমূল বদলে দিতে পারে।
এই পরিবর্তনের ফলে দীর্ঘদিনের আঞ্চলিক মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে নতুন টানাপোড়েন সৃষ্টির আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।





































