মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
Tuesday , 13 October 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

আবিদ কাওসার

প্রকাশিত: ১৮:৪৬, ১৩ অক্টোবর ২০২৬

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদের উদ্যোগে তা’লীম-তারবিয়াত ও দারসে হাদীস মাহফিল অনুষ্ঠিত

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদের উদ্যোগে তা’লীম-তারবিয়াত ও দারসে হাদীস মাহফিল অনুষ্ঠিত

ম্যানচেস্টার, যুক্তরাজ্য, ১১ অক্টোবর ২০২৬: যুক্তরাজ্যের ম্যানচেস্টারে শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে তা’লীম-তারবিয়াত ও দারসে হাদীস মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, মুরশিদে বরহক শায়খুল হাদীস হযরত আল্লামা ইমাদউদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। তিনি সহীহ বুখারী শরীফ থেকে দরস প্রদান করেন এবং হাদীসের আলোকে মানবসেবা, আত্মশুদ্ধি ও পারিবারিক দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন।

মাহফিলে লন্ডন, মিডল্যান্ডস, নর্থ ইংল্যান্ডসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক আলিম-উলামা, ইমাম, ধর্মপ্রাণ মুসল্লি ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাহফিলটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে পরিণত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের সেন্ট্রাল কাউন্সিলের সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, লাতিফী হ্যান্ডস বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী, দারুল হাদিস লতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী এবং লাতিফী হ্যান্ডস বাংলাদেশের সিনিয়র অপারেশন ম্যানেজার মাওলানা লুকমান আহমদ চৌধুরী সাদীসহ বিশিষ্ট ওলামায়ে কেরাম ও বিভিন্ন পর্যায়ের ধর্মীয় ও সামাজিক ব্যক্তিবর্গ।

মানবসেবা ও পারিবারিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ

প্রধান অতিথির বক্তব্যে হযরত আল্লামা ইমাদউদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী পবিত্র হাদীসের আলোকে অসহায়, বিধবা, মিসকিন ও অনাথ মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করা এবং বিপদগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। এ ধরনের মানবসেবামূলক কাজের মর্যাদা ও সওয়াব অত্যন্ত বেশি।

তিনি পরিবারের প্রতি দায়িত্ব পালনের ওপরও বিশেষ গুরুত্ব দেন। স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যদের যথাযথ দেখাশোনা করা এবং তাদের প্রয়োজন পূরণ করাও সদকার অন্তর্ভুক্ত বলে তিনি হাদীসের আলোকে উল্লেখ করেন।

মা-বাবার খেদমত প্রসঙ্গে তিনি সন্তানদের তাঁদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান। বিশেষ করে প্রবাসে বসবাসকারী ব্যক্তিদের মা-বাবার খোঁজখবর নেওয়া, তাঁদের সেবা-যত্ন করা এবং দেশে গেলে তাঁদের কবর জিয়ারতের প্রতি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।

নামাজ, উত্তম চরিত্র ও আত্মশুদ্ধির আহ্বান

দৈনন্দিন জীবনে ইসলামী অনুশাসন অনুসরণের ওপর গুরুত্বারোপ করে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায়, অন্যের ভালো কাজে আনন্দিত হওয়া, মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানো এবং নিয়মিত দরুদ শরীফ ও ইস্তিগফার পাঠের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

তাসাউফ ও আত্মিক পরিশুদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, বড় পীর হযরত আবদুল কাদির জিলানী (রহ.) তাসাউফের জগতে এক মহান ব্যক্তিত্ব। তাঁর মাধ্যমে তাসাউফ, তাজকিয়ায়ে নফস ও আত্মশুদ্ধির চর্চা ব্যাপকভাবে বিস্তার লাভ করে।

পবিত্র কোরআন শরীফ বিশুদ্ধভাবে তিলাওয়াতের শিক্ষা ও প্রসারে হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর অবদানের কথাও তিনি স্মরণ করেন। তিনি বলেন, কোরআন তিলাওয়াতের বিশুদ্ধতা নিশ্চিত করা এবং দ্বীনি শিক্ষার প্রসারে তাঁর আজীবন খেদমত মুসলিম উম্মাহর জন্য এক মূল্যবান উত্তরাধিকার।

এ সময় তিনি আউলিয়ায়ে কেরামের রেখে যাওয়া দ্বীনি খেদমতের ধারাবাহিকতা রক্ষায় শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টার জন্য দোয়া করেন। পাশাপাশি তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়া সকল মুসলমানের মাগফিরাত কামনা করেন।

কোরআন তিলাওয়াত, আলোচনা ও নাশিদ পরিবেশনা

মাহফিলে আলোচনায় অংশগ্রহণ করেন আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের প্রেসিডেন্ট এবং শাহজালাল জামে মসজিদ, কিথলীর ইমাম ও খতিব হযরত মাওলানা হাফিজ হেলাল উদ্দিন।

মসজিদের ইমাম হাফিজ আবদুল হামিদ শাহানের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন মসজিদের ভাইস চেয়ারম্যান গনি আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে ওয়ালসলের শামসুদ্দোহা শিল্পীগোষ্ঠী এবং ওল্ডহামের দারুল হাদিস লতিফিয়া নর্থওয়েস্টের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর নাশিদ পরিবেশন করেন। তাঁদের পরিবেশনা উপস্থিত মুসল্লিদের মুগ্ধ করে। ধর্মীয় আলোচনা, কোরআন তিলাওয়াত ও নাশিদের সমন্বয়ে মাহফিলটি এক সুশৃঙ্খল ও আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠিত হয়।

সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মাওলানা খায়রুল হুদা খান।

পরিশেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং ইন্তেকালকারী মুসলমানদের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাহফিলের প্রধান অতিথি শায়খুল হাদীস হযরত আল্লামা ইমাদউদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।

 

সর্বশেষ

জনপ্রিয়