বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
Wednesday , 23 September 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

নাহিদ জায়গীরদার

প্রকাশিত: ২১:১৮, ২৩ সেপ্টেম্বর ২০২৬

১ নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম উৎসব ২০২৬

১ নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম উৎসব ২০২৬

যুক্তরাজ্যের লন্ডনে আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’। রবিবার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যু, রমফোর্ড রোডে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে।

উৎসব উপলক্ষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁর হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান উৎসবের আয়োজকরা। চট্টগ্রাম উৎসব ২০২৬ উদযাপন কমিটির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মুহাম্মদ আলী রেজা।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থেকে বক্তব্য দেন ব্যারিস্টার মনোয়ার হোসেইন, কাউন্সিলর সৈয়দ ফিরুজ গণি, গিয়াস উদ্দিন, অনুপম সাহা, মনির মাহমুদ, সুজন বড়ুয়া, মাসুদুর রহমান, শওকত ওসমান, নাবিল রহমান, সাইফুল ইসলাম, মুহাম্মদ কায়সার ও আলিম উল্লাহ রাহাতসহ আয়োজক কমিটির সদস্যরা।

লিখিত বক্তব্যে আয়োজকরা বলেন, চট্টগ্রাম উৎসব কেবল একটি বার্ষিক সাংস্কৃতিক আয়োজন নয়; বরং এটি চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, গৌরব, ব্যবসা-বাণিজ্য এবং প্রবাসে চট্টগ্রামের মানুষের শেকড় ও চেতনাকে ধারণ ও উদযাপনের একটি সম্মিলিত প্রয়াস।

আয়োজকরা জানান, উৎসবে চট্টগ্রামের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি থাকবে নানা ধরনের সাংস্কৃতিক ও সামাজিক আয়োজন। এর অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান।

প্রেস ব্রিফিংয়ে আয়োজকরা বলেন, সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে চট্টগ্রাম উৎসব ২০২৬-কে নিরাপদ, সর্বজনীন ও স্মরণীয় আয়োজনে পরিণত করতে তারা কাজ করছেন।

এ লক্ষ্যে যুক্তরাজ্যের সকল চট্টগ্রামভিত্তিক সংগঠন, কমিউনিটির সর্বস্তরের ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী এবং তরুণ প্রজন্মসহ সবার আন্তরিক সহযোগিতা, সক্রিয় অংশগ্রহণ ও উপস্থিতি কামনা করেন আয়োজকরা।

আগামী ১ নভেম্বর দিনব্যাপী আয়োজনে অংশ নিয়ে চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি ও মেজবানের স্বাদ উপভোগ করতে যুক্তরাজ্যপ্রবাসী চট্টগ্রামবাসীসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

 

সর্বশেষ

জনপ্রিয়

আরও পরুন: