গ্রিন রোডের আবাসিক হোটেলে তরুণীর মরদেহ উদ্ধার
রাজধানীর গ্রিন রোডের একটি আবাসিক হোটেলের বাথরুম থেকে তানিয়া নবী (২৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে কলাবাগান থানা এলাকায় অবস্থিত হোটেল রুপসা ইন্টারন্যাশনাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তানিয়া নবীর বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গাবর বোয়ালীচর গ্রামে। তার বাবার নাম নুর নবী এবং মায়ের নাম শামীমা আক্তার।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৯ এপ্রিল রাতে তানিয়া নবী হোটেল রুপসা ইন্টারন্যাশনালের ৪১৮ নম্বর কক্ষে ওঠেন। সে সময় হোটেল কর্তৃপক্ষকে তিনি জানান, পরীক্ষা দিতে গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসেছেন।
পুলিশ জানায়, হোটেলে ওঠার পর থেকে তিনি খুব একটা কক্ষের বাইরে বের হতেন না। অধিকাংশ সময় দরজা-জানালা বন্ধ রাখতেন। বৃহস্পতিবার দুপুরে হোটেল কর্তৃপক্ষ কক্ষভাড়ার বিষয়ে কথা বলতে গিয়ে দরজায় কয়েকবার নক করেও কোনো সাড়া পাননি। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে বাথরুমে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।
ওসি ফজলে আশিক বলেন, “হোটেল কক্ষ থেকে ঘুমের ওষুধসহ বেশ কিছু ওষুধপত্র পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”
তিনি আরও জানান, নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে। তারা গ্রামের বাড়িতে অবস্থান করছেন। এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে।





































