প্রবীণ সাংবাদিক বকসি ইকবালকে ঘিরে লন্ডনে সাংবাদিকদের মিলনমেলা, উঠল প্রবাসী হয়রানি বন্ধের দাবি
যুক্তরাজ্যে সফররত মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক, দৈনিক বাংলার দিন পত্রিকার প্রধান সম্পাদক ও প্রবীণ সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে লন্ডনে প্রীতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে পূর্ব লন্ডনের একটি ব্যারিস্টার চেম্বারের হলরুমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যদের পাশাপাশি যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তি ও সুধীজনরা অংশ নেন।
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল বাছিরের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আসমা মতিন।
সভায় ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ড. আনসার আহমেদ উল্লাহ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও জগন্নাথপুর টাইমসের সম্পাদক সাজিদুর রহমান, প্রবীণ সাংবাদিক মতিয়ার চৌধুরী, আনন্দমোহন কলেজের সাবেক ভিপি মুজিবুল হক মনি, ভাটির কণ্ঠের সম্পাদক ইমদাদুন খানম, ব্রিজবাংলা২৪-এর সহকারী সম্পাদক সাহেদা রহমান, ইউকে বাংলা গার্ডিয়ানের অ্যাসিস্ট্যান্ট এডিটর এস কে এম আশরাফুল হুদা, ব্রিজবাংলা২৪-এর সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সেক্রেটারি জুবায়ের আহমেদ, হবিগঞ্জ এক্সপ্রেসের যুক্তরাজ্য প্রতিনিধি ও চ্যানেল এনআরবির সম্পাদক এ রহমান অলি, আই অন টিভির উপস্থাপিকা হেনা বেগম, বিবিএন ডট মিডিয়ার সম্পাদক ও কবি সাজ্জাদ হোসেন নয়ন, বাংলা সংলাপের রিপোর্টার ইমরান আহমদ তালুকদার, কবি ফাহমিদা ইসাছমিন, জে টাইমস টিভির রিপোর্টার মোহাম্মদ কবিরুল ইসলাম, চ্যানেল টিএস-এর সম্পাদক সাখাওয়াত ইসলাম ফরাজী, ইউকেবিডি টিভির সম্পাদক আব্দুল মুমিন, বকসি আদনান রশিদ, এনএল ২৪-এর রিপোর্টার দীপামণি, খালিস আহমদ, মানবাধিকার নেত্রী শুভা মতিনসহ অনেকে বক্তব্য দেন।
প্রবাসী হয়রানি বন্ধের দাবি
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অথচ দেশে ফেরার পর বিভিন্ন বিমানবন্দরে প্রবাসীদের হয়রানির অভিযোগ রয়েছে। এ ধরনের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের অন্যান্য বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি জানিয়ে বক্তারা বলেন, প্রবাসীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
লন্ডন-সিলেট রুটে আরও ফ্লাইটের দাবি
সভায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন-সিলেট রুটে আরও বিমান সংস্থাকে সরাসরি ফ্লাইট পরিচালনার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, বিপুল সংখ্যক প্রবাসী সিলেট অঞ্চলের সঙ্গে সম্পৃক্ত। তাই এই অঞ্চলের যাত্রীদের সুবিধার্থে লন্ডন-সিলেট রুটে বিমান যোগাযোগ আরও সম্প্রসারণ করা প্রয়োজন।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান
বক্তারা প্রবীণ সাংবাদিক বকসি ইকবাল আহমেদের দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তাকে অভিনন্দন জানান। একই সঙ্গে প্রবাসীদের বিভিন্ন সমস্যা, বিমানবন্দরে হয়রানি, নাগরিক অধিকার এবং সাংবাদিকদের ওপর নিপীড়নের মতো বিষয়গুলো বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।
তারা বলেন, প্রবাসীদের নাগরিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে আরও সোচ্চার ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিরপেক্ষভাবে তুলে ধরার মাধ্যমে সাংবাদিকরা দেশে ও প্রবাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
প্রীতি সভায় দেশ ও প্রবাসের গণমাধ্যমের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করা এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে ভবিষ্যতে আরও কার্যকরভাবে কাজ করার বিষয়ে মতবিনিময় করা হয়।





































