সোমবার , ১০ আগস্ট ২০২৬
Monday , 10 August 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

UK News

প্রকাশিত: ১৭:২৩, ১০ আগস্ট ২০২৬

২৫ বছর রেফারি হিসেবে দায়িত্ব পালনে সম্মাননা পেলেন যুক্তরাজ্যপ্রবাসী ফটিক মিয়া

২৫ বছর রেফারি হিসেবে দায়িত্ব পালনে সম্মাননা পেলেন যুক্তরাজ্যপ্রবাসী ফটিক মিয়া

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের মকরমপুর গ্রামের শাহ বাড়ির বাসিন্দা ও যুক্তরাজ্যপ্রবাসী ফটিক মিয়া ফুটবল রেফারি হিসেবে ২৫ বছর দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন। গত ১ আগস্ট সাউথহ্যাম্পটনের হিলটন হোটেলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে হ্যাম্পশায়ার ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষের কাছ থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।

বাংলাদেশি নাগরিকদের মধ্যে তিনিই প্রথম ২৫ বছর রেফারি সার্ভিস অ্যাওয়ার্ড অর্জনের গৌরব লাভ করেছেন বলে জানা গেছে। এর আগে নর্থ হ্যাম্পশায়ার ডিভিশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও ফুটবলার ও রেফারি হিসেবে ৩০ বছর সম্পৃক্ত থাকার স্বীকৃতি হিসেবে তিনি সম্মাননা পেয়েছেন।

ফটিক মিয়া ১৯৯৭ সালে ক্লাস-৩ রেফারি হিসেবে যোগ্যতা অর্জনের মাধ্যমে রেফারিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে ২০০০ সালে ক্লাস-২ এবং ২০০১ সালে ক্লাস-১ রেফারি হিসেবে পদোন্নতি পান।

দীর্ঘ রেফারিং ক্যারিয়ারে তিনি হ্যাম্পশায়ার লীগ ও সাবার্বান লীগসহ বিভিন্ন প্রতিযোগিতায় দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ইস্থমিয়ান লীগ, সাউদার্ন লীগ, ন্যাশনাল লীগ সাউথে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও এফএ ইয়ুথ কাপ, এফএ একাডেমি লীগ, উইমেনস ফুটবল লীগ—হ্যাম্পশায়ার লীগ ও সাউথ অ্যান্ড রিজিওনাল লীগ—সহ বিভিন্ন স্থানীয় ফুটবল প্রতিযোগিতায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ফটিক মিয়ার রেফারিং ক্যারিয়ারের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে দ্য এফএ ট্রফি ও এফএ কাউন্টি ইয়ুথ কাপের ম্যাচ পরিচালনা। একবার এফএ ভেস-এর পঞ্চম রাউন্ডেও তিনি সহকারী রেফারির দায়িত্ব পালন করেন। এছাড়া এফএ কাপের ম্যাচ পরিচালনার পাশাপাশি এফএ প্রিমিয়ার রিজার্ভ লীগ এবং ন্যাশনাল কনফারেন্স লীগে—যা বর্তমানে ন্যাশনাল লীগ প্রিমিয়ার ডিভিশন নামে পরিচিত—ফোর্থ অফিসিয়াল হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এর পাশাপাশি তিনি অসংখ্য হ্যাম্পশায়ার এফএ কাপ ফাইনাল ও স্থানীয় লীগের ফাইনাল ম্যাচ পরিচালনা করেছেন।

বর্তমানে ফটিক মিয়া ওয়েসেক্স লীগে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। হ্যাম্পশায়ারসহ যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে কয়েক দশক ধরে ফুটবলের সঙ্গে নিষ্ঠার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

রেফারিংয়ের পাশাপাশি ফটিক মিয়া একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে বাংলাদেশি কমিউনিটিতেও পরিচিত মুখ। তিনি বেজিংস্টক রেফারি অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘদিন ধরে ফুটবলের সঙ্গে সম্পৃক্ত থেকে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্ব করা ফটিক মিয়ার এই অর্জন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের জন্যও গর্বের বিষয় হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়