শুক্রবার , ০৩ জুলাই ২০২৬
Friday , 03 July 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

UK News

প্রকাশিত: ১৯:২৬, ২ জুলাই ২০২৬

দারুল হাদিস লতিফিয়ার ঐতিহাসিক সাফল্য উদযাপন: স্কুল ইন্সপেকশনে আউটস্টেন্ডিং স্বীকৃতি

দারুল হাদিস লতিফিয়ার ঐতিহাসিক সাফল্য উদযাপন:  স্কুল ইন্সপেকশনে আউটস্টেন্ডিং স্বীকৃতি


স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকারী সংস্থা Independent Schools Inspectorate (ISI)-এর সর্বশেষ ইন্সপেকশনে আউটস্টেন্ডিং (অসাধারণ) সাফল্য অর্জন উপলক্ষে লন্ডনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল হাদিস লতিফিয়ায় অনুষ্ঠিত হয়েছে এক শুকরিয়া মাহফিল। “Inspiring Excellence” শীর্ষক এ অনুষ্ঠান মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক, গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ইমাম, খতিব, সাংবাদিক, শিক্ষার্থী এবং অসংখ্য শুভানুধ্যায়ী। অনুষ্ঠানের যৌথ সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের কো-হেডটিচার মুফতি মারুফ আহমদ ও হাফিজ মাওলানা আনহার আহমদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দারুল হাদিস লতিফিয়ার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী, প্রতিষ্ঠানের হেড মুহাদ্দিস হযরত মাওলানা নজরুল ইসলাম, গভর্নিং বডির চেয়ারম্যান মাওলানা ফারিদ আহমদ চৌধুরী, বিশিষ্ট কমিউনিটি নেতা জনাব কে. এম. আবু তাহের চৌধুরী, এবং টাওয়ার হেমলেটস কাউন্সিল এর ক্যাবিনেট সদস্য ও কাউন্সিলর সাঈদ আহমদ, কাউন্সিলর ফয়সল আহমদ, অভিভাবকদের পক্কে ভিনসেন্ট মন্টি, হাবিবুর রহমান হারুন। এছাড়াও অভিভাবক ও শিক্ষার্থীরা এ ঐতিহাসিক সাফল্য নিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সমাপনী দোয়া পরিচালনা করেন ট্রাস্টের চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা আবদুল জলিল।

প্রিন্সিপাল এর আবেগঘন বক্তব্য:
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী বলেন, আমাদের সাম্প্রতিক স্কুল পরিদর্শন (ইনস্পেকশন) প্রতিবেদনের সারসংক্ষেপ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং মহান আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের পুরো স্কুল পরিবারের জন্য এই অসাধারণ অর্জন আমাদের সম্মিলিত লক্ষ্য ও দৃষ্টিভঙ্গির একটি সুস্পষ্ট স্বীকৃতি—যেখানে উচ্চমানের একাডেমিক উৎকর্ষতা এবং পরিপূর্ণ ইসলামী শিক্ষা একই সঙ্গে বিকশিত হয়েছে।

তিনি আরও বলেন, এই অসাধারণ প্রতিবেদন আল্লাহ তাআলার এক অপার দয়া এবং সম্মিলিত প্রচেষ্টার ফল। এটি আমাদের নিবেদিতপ্রাণ শিক্ষকমণ্ডলীর নিরলস পরিশ্রম, গভর্নিং বডির দূরদর্শী নেতৃত্ব, অভিভাবকদের মূল্যবান সহযোগিতা এবং সর্বোপরি আমাদের শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায় ও অনুকরণীয় চরিত্রের স্বীকৃতি।

সাফল্য কোনো গন্তব্য নয়, এটি একটি দায়িত্ব:
গভর্নিং বডির চেয়ারম্যান মাওলানা ফারিদ আহমদ চৌধুরী সহকর্মী গভর্নর, শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, আজ আমরা এই অসাধারণ স্বীকৃতি উদযাপন করছি। তবে আমরা জানি, সাফল্য কোনো গন্তব্য নয়—এটি একটি দায়িত্ব। এই প্রতিবেদন আমাদেরকে আরও উন্নতি করতে, আমাদের কমিউনিটির আরও ভালোভাবে সেবা করতে এবং এমন এক প্রজন্মের মুসলিম তরুণ গড়ে তুলতে অনুপ্রাণিত করবে, যারা ঈমানে দৃঢ়, চরিত্রে অনুকরণীয় এবং সমাজে ইতিবাচক অবদান রাখতে সক্ষম।

আইএসআই-এর অসাধারণ মূল্যায়ন:
Independent Schools Inspectorate (ISI) তাদের প্রতিবেদনে বিদ্যালয়ের জন্য আউটস্টেন্ডিং (Outstanding) মূল্যায়ন প্রদান করে এবং উল্লেখ করে: “ALL RELEVANT STANDARDS ARE MET.” অর্থাৎ “প্রযোজ্য সকল মানদণ্ড পূরণ করা হয়েছে।”

প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানিয়ে আইএসএ (Independent Schools Association) জানায়: “অভিনন্দন! এই প্রতিবেদন একটি অসাধারণ অর্জন। আমার বিশ্বাস, আপনারাই প্রথম মুসলিম বিদ্যালয়, যারা ‘Significant Strength’ স্বীকৃতি অর্জন করেছে। পরিদর্শক আপনাদের শিক্ষাক্রমের দূরদর্শী পরিকল্পনা এবং শিক্ষার্থীদের ইসলামী শিক্ষা ও মূল একাডেমিক বিষয়গুলোর মধ্যে যে কার্যকর সমন্বয় বাস্তবায়ন করা হয়েছে, তা স্বীকৃতি দিয়েছেন—এটি সত্যিই অত্যন্ত উৎসাহব্যঞ্জক।”
নেতৃত্ব ও শিক্ষাদর্শনের প্রশংসায় প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়: “স্কুলের নেতৃত্ব এবং গভর্নরবৃন্দ বিদ্যালয়টির জন্য একটি সুস্পষ্ট ও অভিন্ন দৃষ্টিভঙ্গি ধারণ করেন। তারা এমন একটি শিক্ষাব্যবস্থা নিশ্চিত করেন, যা উচ্চমানের একাডেমিক উৎকর্ষের আকাঙ্ক্ষাকে পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষার সঙ্গে সমন্বিত করে।”
বিদ্যালয়ের সমন্বিত পাঠ্যক্রম সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে: "শিক্ষার্থীরা বিভিন্ন বুদ্ধিবৃত্তিক কাঠামোর মধ্যে একই ধরনের বিষয় কীভাবে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপিত ও বিশ্লেষিত হয়, সে সম্পর্কে গভীর ও সূক্ষ্ম উপলব্ধি গড়ে তোলে।" 

শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের প্রশংসা করে প্রতিবেদনে বলা হয়েছে: “শিক্ষার্থীরা ভালো অগ্রগতি অর্জন করে এবং পাবলিক পরীক্ষায় জাতীয় গড়ের চেয়ে বেশি ফলাফল অর্জন করে।”
শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব সম্পর্কে আইএসআই রিপোর্ট মন্তব্য করে বলে: “শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী এবং স্পষ্টভাষী, তা তারা জলবায়ু পরিবর্তন নিয়ে যুক্তি উপস্থাপন করুক বা কুরআন তিলাওয়াত করুক।”

শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থারও উচ্চ প্রশংসা
বিদ্যালয়ের ছাত্রদের সুরক্ষা ব্যবস্থা (Safeguarding) সম্পর্কেও প্রতিবেদনে বিশেষ প্রশংসা করা হয়েছে। এতে বলা হয়েছে: “নেতৃবৃন্দ বিদ্যালয়ে একটি সুদৃঢ় সুরক্ষা (সেফগার্ডিং) সংস্কৃতি প্রতিষ্ঠা করেছেন। তাঁরা সম্ভাব্য যেকোনো সুরক্ষা ঝুঁকি বিবেচনা করেন এবং সেগুলো যতদূর সম্ভব হ্রাস করার জন্য সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেন।” এছাড়াও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে: “সুরক্ষা (Safeguarding) ব্যবস্থা ও প্রক্রিয়াসমূহ সুপরিকল্পিত এবং কার্যকর, কোনো উদ্বেগ বা অভিযোগের ক্ষেত্রে নেতৃত্ব দ্রুত ও কার্যকরভাবে পদক্ষেপ গ্রহণ করেন।”

মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা
স্কুল কর্তৃপক্ষ এ অসাধারণ অর্জনের জন্য সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে শিক্ষক, অভিভাবক, দাতা, শিক্ষার্থী এবং সমগ্র স্কুল কমিউনিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাদের সম্মিলিত সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমের ফলেই এই ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট উলামায়ে কেরাম, শিক্ষক, সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: মুহাদ্দিস মাওলানা শিহাব উদ্দিন, মুফতি মাওলানা আশরাফুর রহমান, মাওলানা আব্দুল কাহহার, সৈয়দ বদরুল হুসাইন, গভর্নিং বডির সদস্য জনাব বদরুল ইসলাম, হাফিজ মাওলানা কয়েছ উজ জামান, জনাব নজরুল ইসলাম গজনবী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, কাউন্সিলর মাওলানা ফয়সল আহমদ, মাওলানা মুজতাবা হাসান চৌধুরী নোমান, মাওলানা অলিউর রহমান চৌধুরী দুবাগী, মাওলানা আব্দুল ওয়াসি আরিফ, মাওলানা মুসলেহ উদ্দিন, মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মাওলানা রাফি আহমদ, কারী নোমান আহমদ, কারী সুফিয়ান বিল্লাহ, ইয়াহইয়া আহমদ, মাওলানা ইউসুফ আহমদ এবং জনাব সদরুল ইসলাম, মাওলানা আব্দুল ওয়াহিদ।

অনুষ্ঠানটি ছিল আনন্দ, কৃতজ্ঞতা ও অনুপ্রেরণায় ভরপুর। বক্তারা আশা প্রকাশ করেন, এই অসাধারণ অর্জন ভবিষ্যতে দারুল হাদিস লতিফিয়াকে শিক্ষার উৎকর্ষ, ইসলামী মূল্যবোধ এবং নৈতিক নেতৃত্বের ক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যাবে এবং নতুন প্রজন্মের জন্য একটি অনুকরণীয় শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করবে।
সম্পূর্ণ রিপোর্ট পড়তে স্কুলের ওয়েবসাইট www.darulhadis.org.uk ভিজিট করতে বলা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়