ইউকের সলফোর্ডে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের নতুন শাখার উদ্বোধন
যুক্তরাজ্যের সলফোর্ড শহরে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের নতুন শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সলফোর্ড লিংক প্রজেক্টে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আবদুর রউফ।
শাখার নাজিম এবং ম্যানচেস্টারের শাহজালাল মসজিদের ইমাম মাওলানা খায়রুল হুদা খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দারুল কিরাতের কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন দারুল কিরাতের প্রধান কারী ও আনজুমানে আল ইসলাহ ইউকের ভাইস প্রেসিডেন্ট মাওলানা ফখরুল হাসান রুতবাহ।
এ সময় আরও বক্তব্য দেন শাহজালাল মসজিদ ম্যানচেস্টারের চেয়ারম্যান আলহাজ আনসার উদ্দীন, জেনারেল সেক্রেটারি আলহাজ মালিক সওদাগর, ম্যানচেস্টার আল ইসলাহর সভাপতি মাওলানা আবদুল কুদ্দুছ, ভাইস প্রেসিডেন্ট আলহাজ আবদুল হান্নান, কমিউনিটি ব্যক্তিত্ব অ্যাডভোকেট চান মিয়া রহমান এবং হাফিজ মাওলানা নুরুজ্জামান সাব্বিরসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে ছাত্র-শিক্ষকদের পাশাপাশি বিপুল সংখ্যক অভিভাবকের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
এর আগে গত ২৮ জুলাই অনুষ্ঠিত মতবিনিময় সভায় শাহজালাল মসজিদের সাবেক চেয়ারম্যান আলহাজ সুরাবুর রহমান, সলফোর্ড লিংক প্রজেক্টের চেয়ারম্যান আলহাজ আবদুল মান্নান (মনাফ মিয়া) এবং স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সলফোর্ড শহরে পবিত্র কুরআনের শিক্ষা ও তিলাওয়াত প্রসারে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের এই উদ্যোগের সফলতা, কল্যাণ ও মকবুলিয়তের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।





































