তেজগাঁওয়ে নাসা গ্রুপের কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছেন নাসা গ্রুপের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
রোববার (৫ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে মহাখালী-নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোড অবরোধ করেন নাসা গ্রুপের ৭০০-৮০০ শ্রমিক। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি ট্রাফিকের মহাখালী জোনে সহকারী পুলিশ কমিশনার (এসি) রাসেল রানা।
অবরোধের ফলে তেজগাঁও থেকে মহাখালী ও উত্তরা রুটে এবং উত্তরা থেকে মহাখালী হয়ে তেজগাঁও রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।এ সময় শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পরে পুলিশের অনুরোধে আধাঘণ্টা পর বেলা সোয়া ১১টায় তারা সড়ক ছেড়ে গার্মেন্টসটির সামনে অবস্থান নেন।
এসি রাসেল রানা টিবিএসকে বলেন, 'শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার তেজগাঁও লিংক রোড অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। যানবাহন চলচল স্বাভাবিক রাখতে সড়কে ডাইভারশন দেওয়া হয়। প্রায আধাঘণ্টা সড়ক অবরোধের পর তারা সরে যায়। বর্তমানে তারা সড়ক ছেড়ে তাদের কারখানার সামনে রয়েছেন।





































