শুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬
Friday , 27 November 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

Abid Kawsar

প্রকাশিত: ০২:৪২, ২৭ নভেম্বর ২০২৬

জন্মভূমির জন্য রহমতের ছায়া হয়ে থাকতে তালামীয কর্মীদের প্রতি বড় ছাহেব ফুলতলীর আহ্বান

জন্মভূমির জন্য রহমতের ছায়া হয়ে থাকতে তালামীয কর্মীদের প্রতি বড় ছাহেব ফুলতলীর আহ্বান

প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হয়ে থাকা এবং পরস্পরকে স্নেহ-মমতার বন্ধনে আবদ্ধ রাখার আহ্বান জানিয়েছেন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী।

তিনি বলেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার জন্য আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. সারা জীবন দুআ করেছেন। শত শত বুযুর্গানে কেরাম, বিশেষত সায়্যিদ ছাহেবগণের দুআর ছায়ায় রয়েছে এই প্রিয় সংগঠন।

তালামীযে ইসলামিয়ার কর্মীদের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, রোহিঙ্গা সংকটের সময় আরাকান থেকে লক্ষ লক্ষ মানুষ অসহায় অবস্থায় বাংলাদেশে আশ্রয় নিলে তালামীযের কর্মীরা তাদের সেবায় নিরলসভাবে কাজ করেছেন। অসহায় মানুষের খেদমতে যেখানেই যাওয়া হয়, সেখানেই তালামীযের কর্মীদের সহযোগিতায় এগিয়ে আসতে দেখা যায়।

তিনি কর্মীদের উদ্দেশে বলেন, আপনারা যেন প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হয়ে থাকেন, পরস্পরকে স্নেহ-মমতার বন্ধনে আবদ্ধ রাখেন এবং আল্লাহ তাআলার দরবারে দুআ করেন, যেন আমরা মানুষকে ভালোবাসতে পারি। কোনো ফিতনায় জড়িয়ে না পড়ি। কাজের মকবুলিয়াতের জন্য দুআ এবং ত্রুটি-বিচ্যুতির জন্য ইস্তেগফার করতে হবে।

তিনি আরও বলেন, যাদের মা-বাবা জীবিত আছেন, তাদের খেদমত করতে হবে। মা-বাবা দুনিয়া থেকে চলে গেলে তাদের জন্য দুআ ও দান-সদকা করতে হবে। ইয়াকুবিয়া বোর্ড কুরআনের খেদমতে নিয়োজিত, তাদের সহযোগিতা করতে হবে। ইলমে কিরাতের খেদমতে নিয়োজিত থাকতে হবে। কুরআনের খেদমতের মাধ্যমে ইহকাল ও পরকালে সফলতা অর্জিত হয়। একইভাবে লতিফি হ্যান্ডসের সমাজসেবামূলক কার্যক্রমেও সহযোগিতা করতে হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বাদ যুহর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট বিভাগীয় সদস্য সম্মেলন বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, ১৯৭০-এর দশকে তাগুতি মতবাদ ও বিভিন্ন বাতিল মতবাদ মাথাচাড়া দিয়ে উঠলে দ্বীনের মূল ধারায় ছাত্রসমাজকে অবিচল রাখতে ১৯৮০ সালে আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী রহ. ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে তালামীযে ইসলামিয়া প্রতিষ্ঠা করেন।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে তালামীযে ইসলামিয়া সমাজকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা, ইসলামী তাহযীব-তামাদ্দুন রক্ষা, মূর্তিবিরোধী ও নাস্তিকতাবিরোধী আন্দোলন, ইসলামী শিক্ষা প্রসার এবং মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা রক্ষায় অনন্য অবদান রেখে যাচ্ছে। এদেশের ইসলামী আন্দোলনে তালামীযের অবদান দেখে বাতিলপন্থীরা হিংসাবশত সংগঠনটির বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারে কান না দিয়ে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার থাকার জন্য তিনি কর্মীদের প্রতি আহ্বান জানান।

সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এস এম মনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মারুফ আহমদ ও অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদের যৌথ উপস্থাপনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব মাওলানা একেএম মনোওর আলী, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ইসলামিক অ্যান্ড কম্পারেটিভ রিলিজিয়ন বিভাগের ডীন অধ্যাপক ড. আব্দুর রহমান আনওয়ারী, সেন্ট্রাল উইমেন্স কলেজ সিলেটের অধ্যক্ষ কবি কালাম আজাদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল হায়দারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, আলেম-উলামা, সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

সম্মেলনে সিলেট বিভাগের বিভিন্ন জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট ইউনিভার্সিটি জোনের নেতৃবৃন্দ এবং সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

জনপ্রিয়